প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2026 ইং
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ২ লাখ টাকার মদ ও ইয়াবা জব্দ, আটক ১

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলী মজনু বাবু
জামালপুরের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের ১৩২ বোতল ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবি। এ সময় মাদকসহ মিজানুর রহমান (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের ১০৬৬ নম্বর পিলারের কাছে জামাইপাড়া এলাকায় অভিযান চালায় ইজলামারী বিওপির সদস্যরা। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৯৮ হাজার টাকা।
অন্যদিকে, বকশীগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে পৃথক অভিযান চালায় ধানুয়া-কামালপুর বিওপির সদস্যরা। এ সময় ১৮ হাজার টাকা মূল্যের ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ মিজানুর রহমান (২০) নামে এক যুবককে আটক করা হয়।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, বুধবার (২১ অক্টোবর) ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট জব্দের ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪